তীব্র লোডশেডিংয়ে ক্ষোভ: গোপালগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলার শঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা দাবি

অবশ্যই পরুন

গোপালগঞ্জ শহরে দিন-রাত সমানতালে চলছে চরম লোডশেডিং। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ ঘণ্টাই বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে ও অতিষ্ঠ জনজীবনে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ গ্রাহকেরা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা ও নাশকতার আশঙ্কায় নিজেদের অফিস, উপকেন্দ্র ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে আবেদন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

​মঙ্গলবার (১১ আগস্ট) ওজোপাডিকো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নিরাপত্তার আবেদন জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ওজোপাডিকো পাওয়ার হাউস দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত ২টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে পৌরসভার আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ বরাদ্দ না পাওয়ায় ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। ফলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বৈদ্যুতিক স্থাপনায় নাশকতার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

​সার্বিক সুরক্ষার স্বার্থে ওজোপাডিকোর কার্যালয় ও উপকেন্দ্রগুলোকে নিয়মিত পুলিশ টহল রুটে অন্তর্ভুক্ত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারির অনুরোধ জানানো হয়েছে।

​এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, “শহরে বিদ্যুতের মূল চাহিদা ১৮ মেগাওয়াট হলেও বর্তমানে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৯ থেকে ১০ মেগাওয়াট। যার ফলে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে। গ্রাহকদের ভোগান্তি হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে অফিসে হামলা চালাতে পারেন—এমন আশঙ্কা থেকেই জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছে।”

​এ বিষয়ে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, চিঠি হাতে পৌঁছানোর পর বিষয়টির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ