চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফর ঘিরে এতদিন যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা চূড়ান্ত বাতিলের পথেই এগোচ্ছে। বিসিবি-র প্রস্তাবিত সময়ের মাঝেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই আফগান সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার মাধ্যমে পরোক্ষভাবে ভারতের বাংলাদেশ সফর বাতিল বলেই ধরে নেওয়া হচ্ছে।
এসিবি-র পাঠানো এক চিঠি সূত্রে জানা গেছে, বিসিসিআইয়ের সম্মতিতে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। এটিই প্রথমবার, যেখানে আফগানিস্তান ভারতের মাটিতে ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে।
অন্যদিকে, দুই দেশের মধ্যে সাদা বলের ৬টি ম্যাচের সিরিজের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময়সূচি নির্ধারণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আফগানিস্তানের ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের অন্তত একটি ম্যাচের তারিখ বিসিবির প্রস্তাবিত সময়ের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সময় তিন সপ্তাহেরও কম বাকি থাকায় ভারতের বাংলাদেশ সফরের সম্ভাবনা কার্যত ভেস্তে গেছে।
তবে দুই দেশের সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তে অপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত না এলে এই পরিস্থিতি পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। বিসিসিআই এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সিরিজটির মিডিয়া স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান ‘আইটিডব্লিউ ইউনিভার্স’-এর সহ-প্রতিষ্ঠাতা ভৈরব শান্ত জানিয়েছেন, গণেশ চতুর্থীর উৎসবের সময়ে এই ঐতিহাসিক দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হওয়া দুই দেশের চমৎকার ক্রিকেটীয় সম্পর্কেরই বহিঃপ্রকাশ। এই সিরিজের সম্প্রচারে বেশ কিছু নতুনত্ব নিয়ে আসার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
