দেশে লোডশেডিংয়ের নতুন রেকর্ড হয়েছে। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ লোডশেডিংয়ের আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
গতকাল রাত ১টায় সারা দেশে ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং ছিল। এর আগে রোববার বেলা ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট।
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় দিন-রাতে মোট ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করছেন গ্রাহকরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ।
২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর থেকেই দেশে বিদ্যুৎ সংকট তীব্র হতে থাকে। টার্মিনালটি আংশিকভাবে চালু হলেও গ্যাস সরবরাহ এখনো আগের অবস্থায় ফেরেনি।
জ্বালানি সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াট থেকে কমে সাড়ে ৩ হাজার মেগাওয়াটের ঘরে নেমে এসেছে। পাশাপাশি ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকেও সরবরাহ কমেছে প্রায় ৪০০ মেগাওয়াট পর্যন্ত। ফার্নেসওয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকেও উৎপাদন কমেছে।
পাওয়ারগ্রিডের তথ্যমতে, গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চাহিদার তুলনায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার ৭০০ মেগাওয়াট পর্যন্ত কম ছিল।
ন্যাশনিক্স/এলকে
