টানা কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মরিচ ও বিভিন্ন সবজির খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় বাজারগুলোতে কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মঙ্গলবার উপজেলা সদর বাজার, তারাকান্দি বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ প্রতি কেজি ৩৬০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একই মরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে।
পাকুন্দিয়া পৌরবাজারের সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে অনেক সবজিক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। তাদের মতে, সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনে দাম আরও বাড়তে পারে।
কাঁচামরিচ ব্যবসায়ীদের দাবি, অতিবৃষ্টির কারণে উপজেলার অধিকাংশ মরিচ গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলন অনেক কমে গেছে। ফলে পাইকারি বাজার থেকেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
এদিকে ক্রেতারা বলছেন, হঠাৎ করে সবজি ও কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় সংসারের ব্যয় বেড়েছে এবং মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম জানান, চলতি মৌসুমে উপজেলায় ২৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে নিচু এলাকার প্রায় ৯০ শতাংশ মরিচের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।
ন্যাশনিক্স/এলকে
