বিশ্বকাপে দুর্দান্ত লড়াই উপহার দিয়ে শেষ পর্যন্ত বিদায় নিয়েছে কেপ ভার্দে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে শেষ হয় দলটির স্বপ্নযাত্রা।
ম্যাচজুড়ে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া ছিলেন অসাধারণ। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করার পাশাপাশি রক্ষণভাগ থেকে আক্রমণ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
ম্যাচ শেষে সামনে আসে একটি আলোচিত পরিসংখ্যান। চলতি বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি সফল ড্রিবলিং করেছেন ভোজিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে তিনি দুটি সফল ড্রিবল সম্পন্ন করেন। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচে রোনালদো কোনো সফল ড্রিবল করতে পারেননি। তবে রাউন্ড অব ১৬-এ স্পেনের বিপক্ষে ম্যাচে এই পরিসংখ্যান বদলে দেওয়ার সুযোগ থাকবে রোনালদোর সামনে।
আর্জেন্টিনার বিপক্ষে লড়াই শেষে ভোজিনিয়া বলেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের সামর্থ্য দেখাতে পেরে তারা কৃতজ্ঞ। তার মতে, এই টুর্নামেন্ট দলের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।
পুরো টুর্নামেন্টে কোনো জয় না পেলেও ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেওয়া এবং শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের মাধ্যমে কেপ ভার্দে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা অর্জন করেছে।
ম্যাচে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পেলেও জয়টি সহজ ছিল না। দিনেই বোর্গেসের আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায় এবং কেপ ভার্দে শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষার মুখে ফেলে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভোজিনিয়া বলেন, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সমানতালে লড়াই করেছেন এবং ম্যাচটি জয়ের সুযোগও ছিল।
ভোজিনিয়া বলেন, “আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি। আজ আমরা তাদের সঙ্গে সমানতালে লড়াই করেছি এবং আমাদের জেতার সুযোগ ছিল। এই পারফরম্যান্সে আমাদের সন্তুষ্ট ও গর্বিত হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “বিদায় নেওয়ায় অবশ্যই আমাদের খারাপ লাগছে। আমরা কেউই এখানে থামতে চাইনি। তারপরও আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ, ফেডারেশন এবং যারা আমাদের সমর্থন করতে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
ন্যাশনিক্স/এলকে
