নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধে মায়ের দাফন বিলম্ব

অবশ্যই পরুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মায়ের লাশ দাফন না করে ২০ ঘণ্টা ধরে আটকে রাখেন দুই ভাই। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে। নিহত আমেনা বেগম (৬৫) ওই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্লাহর স্ত্রী। বুধবার সন্ধ্যায় তিনি বেগমগঞ্জ উপজেলার মেয়ের বাড়িতে মারা যান।

পরদিন লাশ স্বামীর বাড়িতে আনার পর সম্পত্তি ভাগ নিয়ে দুই ছেলে নজিব উল্লাহ ও সাইফুল উল্লাহ বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে, ফলে দাফন কার্যক্রম স্থগিত হয়ে যায়।

খবর পেয়ে রাতে ঘটনাস্থলে উপস্থিত হন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘ আলোচনার পর সমঝোতায় পৌঁছালে শুক্রবার দুপুরে আমেনা বেগমকে তাঁর স্বামীর কবরের পাশে দাফন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম জানান, প্রাথমিকভাবে দুই ভাই মায়ের দাফনে সম্মত হয়েছেন। পরবর্তী সময়ে স্থানীয়ভাবে বৈঠক ডেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ মীমাংসার চেষ্টা করা হবে। প্রয়োজনে আইনি প্রক্রিয়ার মাধ্যমেও বিষয়টির নিষ্পত্তি করা হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ