নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে চালু হওয়া পিংক বাস সেবা শুরু থেকেই যাত্রী সংকট ও লোকসানে পড়েছে। সীমিত রুট, দিনে মাত্র দুটি ট্রিপ এবং প্রচারের ঘাটতিতে প্রত্যাশিত যাত্রী না পাওয়ায় প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসান গুনছে পরিচালন সংস্থা বিআরটিসি।
১৮ আগস্ট চালুর পর থেকেই সেবাটি নিয়ে প্রশ্ন উঠেছে পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি চালুর আগে যাত্রীদের চাহিদা, রুট, সময়সূচি এবং ট্রিপের সংখ্যা নিয়ে মাঠপর্যায়ে যথাযথ গবেষণা করা প্রয়োজন ছিল। পরিকল্পনার ঘাটতি থাকলে এমন উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই করা কঠিন।
বর্তমানে রাজধানীতে ১০টি পিংক বাস চলাচল করছে। যাত্রীরা বলছেন, দিনে মাত্র দুটি ট্রিপ থাকায় নির্ধারিত সময়ে বাস না পেলে অন্য পরিবহনের ওপর নির্ভর করতে হয়। ফলে নারীদের জন্য বিশেষায়িত এই সেবা চালু হলেও নিয়মিত যাত্রী আকৃষ্ট করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে, সেবার পরিধি বাড়াতে বহরে ইলেকট্রিক বাস যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তবে বিশেষজ্ঞদের মতে, বাসের সংখ্যা বাড়ানোর আগে রুট, সময়সূচি ও যাত্রী চাহিদার সমস্যাগুলো সমাধান করা জরুরি।
প্রকল্পটির এই পরিস্থিতি বাস্তবায়ন পরিকল্পনা, প্রচার এবং যাত্রী চাহিদা যাচাইয়ের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছে।
ন্যাশনিক্স/এলকে
