বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক মেক্সিকো। বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল জিমেনেজ।
ম্যাচের ৯ম মিনিটে হুলিয়ান কিনিওনেসের গোলে এগিয়ে যায় মেক্সিকো। এরপর দ্বিতীয়ার্ধে নিজেদের আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ম্যাচের ৬৭তম মিনিটে হেড থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন জিমেনেজ। তার গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রাখে তারা।
জিমেনেজের জন্য গোলটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২০ সালে প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে ভয়াবহ মাথার আঘাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সেই দুর্ঘটনায় খুলিতে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছিল মেক্সিকান এই ফরোয়ার্ডকে। দীর্ঘ পুনর্বাসনের পর মাঠে ফিরলেও আগের ছন্দ ফিরে পেতে তাকে লড়াই করতে হয়েছে বছরের পর বছর।
২০২২ বিশ্বকাপে গোলশূন্য থাকা জিমেনেজ এবার ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজের প্রথম বিশ্বকাপ গোলের দেখা পেলেন। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলটি মেক্সিকোর বিশ্বকাপ যাত্রার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার ব্যক্তিগত ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।
এই জয়ে গ্রুপ ‘এ’-তে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে অভিযান শুরু করল মেক্সিকো। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ করেছে নয়জন খেলোয়াড় নিয়ে, কারণ দ্বিতীয়ার্ধে দুটি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাদের দুই ফুটবলারকে।
ন্যাশনিক্স/এলকে
