জামায়াত নেতা ও মাদরাসা অধ্যক্ষ মোহাম্মদ আলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগসহ দেশে সংঘটিত সকল ধর্ষণ ঘটনার বিচার দাবিতে দোহার-নবাবগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নবাবগঞ্জ কোর্ট বিল্ডিং চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, “ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের কোনো রাজনীতি নেই অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এদিকে, নবাবগঞ্জের একটি আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ ও স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা গত বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে, তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, মেয়েকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছিল। তিনি দ্রুত অভিযুক্ত অধ্যক্ষকে পদচ্যুত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
নাগরিক সমাজের নেতারা জানান, “দোষী প্রমাণিত হলে যেকোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতাকেই আইনের আওতায় আনতে হবে এটাই ন্যায়ের দাবি।”
