ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ডিসি অফিসের দোতলার বারান্দায় এ ঘটনা ঘটে। এতে এক অফিস সহকারী আহত হন এবং একটি ফুলের টব ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসকের কক্ষের সামনে দুই নেতার মুখোমুখি হওয়ার পর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের কর্মকর্তা, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য এবং কার্যালয়ের কর্মচারীরা এগিয়ে আসেন। এ সময় অফিস সহকারী জনি আহত হন।
ঘটনার সত্যতা সংশ্লিষ্ট দুই নেতাই স্বীকার করেছেন বলে জানা গেছে।
ঘটনা সম্পর্কে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, আকস্মিক এই ঘটনায় তিনি এবং উপস্থিত কর্মকর্তারা বিব্রত হয়েছেন। দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার পর বিষয়টি নিয়ে প্রশাসনিক মহল ও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
