চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলার সময় সন্ত্রাসীরা নির্মাণাধীন একটি নতুন ক্যাম্প ভাঙচুর করে এবং যাতায়াতে বাধা সৃষ্টি করতে কয়েকটি স্থানে রাস্তা কেটে ফেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার দিবাগত রাতের এ ঘটনার পর সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ থেকে ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, রাত ১টার পর সদ্য স্থাপিত র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় একে-৪৭ থেকেও গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে রাবার বুলেট ব্যবহার করা হলেও পরে সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে নির্মাণাধীন ক্যাম্পটি গুঁড়িয়ে দেয়।
তিনি আরও জানান, চারদিক থেকে এলাকা ঘিরে ফেলার পরও রাস্তা কেটে রাখায় দ্রুত পৌঁছাতে দেরি হয়। সেই সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়।
র্যাবের দাবি, সম্প্রতি জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত ইয়াসিন গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে নিরপরাধদের ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আহত হয়নি। যে ক্যাম্পটি ভাঙচুর করা হয়েছে সেটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল এবং ঈদের পর এটি উদ্বোধনের পরিকল্পনা ছিল।
এর আগে গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় সরকার। দীর্ঘদিন ধরে এলাকাটি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ন্যাশনিক্স/এলকে
