স্বামীর অনুপস্থিতির সুযোগে সাভারে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণের হুমকি

অবশ্যই পরুন

সাভারের কাউন্দিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরেই প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার রাতে পরিকল্পনামাফিক বাসায় প্রবেশ করে সাইফুল ও তার সহযোগীরা ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় চক্রের অন্য সদস্যরা বাইরে পাহারায় ছিলেন।

​ভুক্তভোগী চিৎকার করলে ঘরে ঢুকে আরও কয়েকজন মিলে তাকে নির্যাতন করে। অভিযোগ আছে, সে সময় ওই নারীর আপত্তিকর ভিডিও ধারণ করা হয় এবং ঘটনা প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরদিন সকালে স্বামী ফিরে আসলে ভুক্তভোগী তাকে সব জানান। স্থানীয়দের সহায়তায় শনিবার সন্ধ্যায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

​পুলিশ জানায়, ভুক্তভোগীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনও যুক্ত করা হয়েছে। প্রধান অভিযুক্তসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ