আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আওয়ামী লীগ, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশের রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যায়নি এবং দলটি আগামী জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারে বলে তিনি মনে করেন।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের মানুষের স্মৃতিশক্তি দীর্ঘস্থায়ী নয়। সেই কারণে আওয়ামী লীগ ভবিষ্যতে আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে পারে বলে তার ধারণা।

সাক্ষাৎকারে দায়িত্ব পালনকালীন সময়ের নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, দায়িত্বে থাকাকালে অন্তত তিনবার পদত্যাগের চিন্তা করেছিলেন। তবে সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়, সে সময় তার সরে দাঁড়ানো অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারত।

জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ‘ডিপস্টেট’ বা অদৃশ্য কোনো শক্তির ভূমিকা ছিল কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, বিশ্বের প্রায় সব ঘটনাতেই কোনো না কোনোভাবে ডিপস্টেট সক্রিয় থাকে। তবে তারা সাধারণত পরিস্থিতির স্রোতের বিপরীতে নয়, বরং অনুকূলে থেকেই প্রভাব বিস্তারের চেষ্টা করে।

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ‘কিচেন কেবিনেট’ নামে একটি প্রভাবশালী বলয় সক্রিয় ছিল। তার ভাষ্য অনুযায়ী, ওই গ্রুপটি নিয়মিত বৈঠক করত এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব রাখত।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আলোচিত বাণিজ্য চুক্তির বিষয়েও কথা বলেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, পুরো প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা ছিল না। বিষয়টি মূলত বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেখভাল করেছিলেন।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দিল্লির কাছে পাঠানো চিঠির প্রসঙ্গেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারত থেকে ইতিবাচক কোনো সাড়া আসবে বলে তিনি ব্যক্তিগতভাবে আশা করেননি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ