আফগান সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক কনভয়ে ভয়াবহ হামলায় নয়জন সেনা ও দুইজন কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) উত্তর-পূর্বাঞ্চলীয় কুররাম জেলায় এ ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্রে জানা গেছে, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের পর অতর্কিতে বন্দুক হামলা চালানো হয় কনভয়ের ওপর। এতে ঘটনাস্থলেই বহু হতাহত হয়।
পাকিস্তানি তালেবান (তেহরিক-ই-তালিবান পাকিস্তান–টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, তাদের যোদ্ধারাই সেনা কনভয়টিতে হামলা চালিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়ে গেছে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে। বিশ্লেষকদের মতে, টিটিপি দেশটির সরকার উৎখাত করে কঠোর ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায়, আর সে লক্ষ্যেই তারা হামলা জোরদার করেছে।
