ছিনতাইকারীর টানে কান ছিঁড়ল বাংলাদেশী অভিনেত্রী রঞ্জিতার

অবশ্যই পরুন

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় তার কান ছিঁড়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর কানে সাতটি সেলাই দিতে হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকায় বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

এক ভিডিও বার্তায় রঞ্জিতা জানান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-এ গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রাতে বাসায় ফেরার সময় কয়েকজন তাকে অনুসরণ করছিল বলে তিনি অনুভব করেন।

তার ভাষ্য অনুযায়ী, কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তার কান ছিঁড়ে যায় এবং রক্তপাত শুরু হয়।

পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত কারণে চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

আশির দশকের শেষ দিকে রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় রঞ্জিতার। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি।

বর্তমানে তিনি ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ