‘ডাকাতি করতে আসবো’, খামারিদের বাড়িতে রক্তমাখা হুমকির চিঠি

অবশ্যই পরুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে গরুর খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, গত কয়েক দিনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫টি বাড়িতে একই ধরনের হুমকিমূলক চিঠি পৌঁছেছে।

চিঠিতে খামারিদের ঘরের দরজা খোলা রাখতে বলা হয়েছে। অন্যথায় ‘জিন্দা খালাস’ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় শুক্রবার রাতে স্থানীয় খামারি মো. আমজাদ হোসেন শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেন।

খামারিরা জানান, গ্রামের বেশিরভাগ পরিবারই কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালনপালন করেন। এর মধ্যেই এমন হুমকির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি কয়েকটি বাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে ডাকাতির ঘটনাও ঘটেছে। ফলে নতুন করে পাওয়া রক্তমাখা চিঠিগুলোকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।

টেকুয়াপাড়া গ্রামের মিলন সংঘ ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, সন্ধ্যার পর বাজার ও রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। গ্রামের যুবকেরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন।

এ বিষয়ে সাবরিনা শারমিন জানান, বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে মো. সাইফুল ইসলাম সানতু বলেন, গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা বরদাশত করা হবে না।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ