নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে দুটি হত্যা মামলায় দেওয়া অন্তর্বর্তী জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার বিচারপতি মো. রেজাউল হক-এর চেম্বার আদালত এ আদেশ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইভীর আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন সাজু।
আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এবং উচ্চ আদালত তা বহাল রেখেছেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
আরেক আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, জামিননামা দাখিলের প্রস্তুতি চলছে এবং চলতি সপ্তাহেই তিনি কারামুক্ত হতে পারেন।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন।
গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
বিভিন্ন সময়ে হত্যা, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিভিন্ন মামলায় তিনি ধাপে ধাপে হাইকোর্ট থেকে জামিন পান।
ন্যাশনিক্স/এলকে
