চট্টগ্রামের সাতকানিয়ায় ৯ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

অবশ্যই পরুন

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামি মো. জোবায়েরকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রাম।

রোববার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার জোবায়ের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিন্দুপ্যা পাড়ার বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত আসামি।

ভুক্তভোগী শিক্ষার্থী ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় এখনো আরও দুই অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত বুধবার (১৩ মে) চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়ার পাহাড়ি ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মামলার আরও চার এজাহারভুক্ত আসামি— মো. ছৈয়দ (১৬), মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০) ও আবদুর রহিমকে (১৯) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন বর্তমানে কারাগারে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ