রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাড়ির বেজমেন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ড উদ্ধার করা হয়।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে বেজমেন্টে ফেলে রাখা হয়।
পুলিশ জানায়, মরদেহের অবস্থা খারাপ হওয়ায় নিহত ব্যক্তির বয়স বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পিবিআই আঙুলের ছাপ সংগ্রহ করেও পরিচয় নিশ্চিত করতে পারেনি।
এ ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
