বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর পর তার জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগামীকাল বুধবার (১৪ মে) তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে জানাজায় অংশগ্রহণকারীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টকে ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় এক বিএনপি নেতা জানাজায় আগত ব্যক্তিদের উদ্দেশে হুমকিসূচক বক্তব্য দিয়েছেন।
ফেসবুকে দেওয়া পোস্টে বিএনপি নেতা রায়হান রাফি লিখেন, “আগামীকাল শান্তিরহাট রোডের মুখে আমাদের অবস্থান থাকবে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সন্ত্রাসীদের তথ্য যাচাইয়ের জন্য।”
একই পোস্টে তিনি আরও লেখেন, “মাস্ক পরিহিত প্রত্যেকটা ব্যক্তিকে সন্দেহের তালিকায় রাখতে হবে, কোনো শব্দ ছাড়া প্রতিহত করতে হবে।”
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে জানাজায় অংশগ্রহণকারীদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা বিএনপির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মঙ্গলবার (১৩ মে) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
