জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়া হয়।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, রাতে ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তার পিছু নেন। পরে পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এসে ওই ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দেন।
অভিযোগ রয়েছে, কথা বলার একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কাপড় দিয়ে শিক্ষার্থীর গলা পেঁচিয়ে তাকে অন্ধকার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ধর্ষণের চেষ্টা চালান।
ভুক্তভোগী কোনোমতে সেখান থেকে বের হয়ে রাস্তায় আসেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তানভীর হোসেন জানান, শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসাকেন্দ্রের নার্স আলমগীর হোসেন বলেন, ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা দেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
