দেশজুড়ে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১১ শিশু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ মে সকাল পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ৫৭ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৯ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হিসেবে নিবন্ধিত হয়েছে আরও ১ হাজার ২৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ জনে। পাশাপাশি সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার ৪৯৮।
এদিকে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন রোগী।
