নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অভিযানের অংশ হিসেবে একটি গোয়েন্দা দল সেখানে তথ্য সংগ্রহ করছিল। এ সময় স্থানীয় মাদক চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে র্যাবের কর্পোরাল নাজিবুল এবং কনস্টেবল মাহি ও ইব্রাহিম আহত হন। গুরুতর আহত নাজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। পরে অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্যরা এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব-১১ এর উপপরিচালক মো. আব্দুর রশিদ বলেন, চার সদস্যের একটি গোয়েন্দা দল সিভিল পোশাকে তথ্য সংগ্রহে গিয়ে হামলার মুখে পড়ে।
এদিকে, একই জেলায় রূপগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। ভোর ৫টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, অস্ত্র মামলার আসামি শামীম মিয়াকে গ্রেপ্তারের সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা বাধা দেয়। পরে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওসিসহ পুলিশের সাত সদস্য আহত হয়েছেন।
পরে যৌথ অভিযানে শামীম মিয়ার স্ত্রীসহ ১২ জনকে আটক করা হয়েছে। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শামীম মিয়া রূপগঞ্জ থানা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, এ ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, শামীমকে গ্রেপ্তারের সময় তার সহযোগীরা পুলিশকে অবরুদ্ধ করে রাখে এবং সুযোগে তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
