ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে রয়েছে নেত্রকোণা সদরের ইলিয়াস হোসেনের তিন মাস বয়সী মেয়ে আদিবা এবং ত্রিশাল উপজেলার রাসেল মিয়ার আট মাস বয়সী ছেলে আরাফাত। তারা দুজনই হাসপাতালে ভর্তি হয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হাম ও হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৬ শিশু।
গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৯ জন এবং মারা গেছে ৯ শিশু। একই সময়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ২৬ জন।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী আসা শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে তা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের শিশু বিভাগে ৬৪ শয্যার একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু রাখা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসাসেবা দিচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ন্যাশনিক্স/এএএইচপি
