গ্যাস সংকটে বন্ধ থাকবে দেশের সব থেকে বড় সার কারখানা

অবশ্যই পরুন

জ্বালানি সংকট এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-এর উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার ৬ এপ্রিল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী গত ৩ এপ্রিল দুপুর থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়া এবং সামগ্রিক জ্বালানি সংকটের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এক মাসের জন্য উৎপাদন বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মে মাস থেকে আবার উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের বড় সার কারখানাগুলোতে রেশনিং পদ্ধতিতে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পরিকল্পনার অংশ হিসেবে এপ্রিল মাসে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। একই সময়ে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি-তে গ্যাস সরবরাহ চালু রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং পেট্রোবাংলা-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-এও রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন সমন্বয় করা হবে।

সরকার জানিয়েছে, জ্বালানি সংকটের মধ্যেও কৃষি উৎপাদন সচল রাখতে সার সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যেই পর্যায়ক্রমে বিভিন্ন কারখানায় গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা এইভাবে পরিচালনা করা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ