বর্তমান সংসদ সদস্য (এমপি) ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সংসদ সদস্য ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে নেওয়া ঋণের বর্তমান স্থিতি ১১ হাজার কোটি টাকার বেশি।
তিনি আরও জানান, এই ঋণের একটি বড় অংশ বর্তমানে খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। তবে আদালতের নির্দেশনা বা স্থগিতাদেশের কারণে কিছু ঋণ নিয়মিত হিসেবে দেখানো হতে পারে, যা বাস্তবে খেলাপি হলেও আইনি প্রক্রিয়ার কারণে তালিকার বাইরে রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
