উপদেষ্টারা সেইফ এক্সিটের পথ খুঁজছেন!

অবশ্যই পরুন

নাহিদ ইসলামের বিস্ফোরক অভিযোগ: “অনেক উপদেষ্টা সেফ এক্সিটের পথ খুঁজছেন”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, উপদেষ্টাদের অনেকেই ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ গড়ে তুলেছেন এবং নিজেদের ‘সেফ এক্সিট’-এর পথ খুঁজছেন।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা এবং সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে বিশ্বাস করে আমরা আসলে প্রতারিত হয়েছি।”

তিনি আরও দাবি করেন, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন কিংবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে তাদের নামও প্রকাশ করা হবে।”

নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের মধ্যে অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। “তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের টিকিয়ে রেখেছে। এই সমর্থন না থাকলে তারা সরকার চালাতে পারতেন না,”—বলেন তিনি।

ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসানো সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকত না। প্রথম ছয় মাস থেকেই সরকার উৎখাতের নানা চেষ্টায় সক্রিয় ছিল প্রতিবিপ্লবী শক্তি, যা এখনো পুরোপুরি থামেনি।”

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, “যদি নাগরিক সমাজের পরিবর্তে জাতীয় সরকার গঠন করা হতো, তাহলে আজকের এই আক্ষেপ থাকত না। রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে নাগরিক সমাজের সঙ্গে কাজ করলে ছাত্রদের কাঁধে এই বোঝা আসত না। ঐতিহাসিক প্রয়োজনে সেই দায়িত্ব আমাদের নিতে হয়েছিল।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ