হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)–এ সেরা ছবির পুরস্কার জিতেছে পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একই সঙ্গে রায়ান কুগলারের ভৌতিক সিনেমা ‘সিনার্স’ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে এবারের আসরে আলাদা করে নজর কাড়ে।
ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সেরা ছবির পাশাপাশি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য সেরা পরিচালকের অস্কারও জেতেন নির্মাতা পল টমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ছবিটিতে সমসাময়িক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়েছে। ছবিটি আরও জিতেছে সেরা রূপান্তরিত চিত্রনাট্য এবং সেরা সম্পাদনার পুরস্কার।
অন্যদিকে রায়ান কুগলারের ভৌতিক সিনেমা ‘সিনার্স’ একাধিক বিভাগে পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য মাইকেল বি জর্ডান জিতেছেন সেরা অভিনেতার অস্কার। একই ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা মৌলিক সংগীত এবং সেরা চিত্রগ্রহণের পুরস্কারও দেওয়া হয়েছে।
সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। এর আগে একই ছবির জন্য গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা ও অ্যাক্টর অ্যাওয়ার্ডেও সম্মাননা পেয়েছিলেন তিনি।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন, যিনি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় কর্নেলের চরিত্রে অভিনয় করেছেন। আর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যামি মুলিগান, হরর সিনেমা ‘ওয়েপনস’–এ অভিনয়ের জন্য।
অ্যানিমেশন বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতেছে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মিউজিক্যাল ছবি ‘কে–পপ ডেমন হান্টার্স’। একই ছবির জনপ্রিয় গান ‘গোল্ডেন’ পেয়েছে সেরা মৌলিক গানের পুরস্কার। আর সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমার পুরস্কার গেছে ‘দ্য গার্লস হু ক্রাইড পার্লস’–এর ঝুলিতে।
এছাড়া সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার জিতেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সেরা মেকআপ ও হেয়ারস্টাইলের পুরস্কার পেয়েছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’। সেরা সাউন্ডের পুরস্কার গেছে ‘এফ১’ সিনেমার ঝুলিতে।
অন্যদিকে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’, আর সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নরওয়ের নির্মাতা ইয়োয়াকিম ট্রিয়েরের পারিবারিক নাট্যধর্মী ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
ন্যাশনিক্স/এলকে
