চুনারুঘাটে মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

অবশ্যই পরুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগি ছিনতাইয়ের অভিযোগে শাকিল ফাহান মিয়া নামে এক ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি স্থানীয় হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

রোববার (১৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফাহান মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি আটকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, শাকিল মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়ির গতিরোধ করে জোরপূর্বক প্রায় ১৬০টি মুরগি ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির চালক ও তার সহযোগীর কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে প্রতিষ্ঠানের সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়েছে। তবে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন পরে ফেরত দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে শাকিল ফাহান মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ