ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকার নির্ধারিত ভিজিএফের কার্ডকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে রাত ১০টা পর্যন্ত চলে।
শুক্রবার এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। ঘটনাস্থল থেকে আটক ১৯ জনকে পুলিশ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, চর গোলকনগর গ্রামের বাসিন্দা ও মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মণ্ডলের সঙ্গে যুবদল নেতা শামীম লস্করের দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলছিল। ইউনিয়ন পরিষদ থেকে ৪ নম্বর ওয়ার্ডের ভিজিএফের কার্ড সায়েম মণ্ডল নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে ওই কার্ডের ভাগ দাবি করেন শামীম লস্কর। সায়েম মণ্ডল এতে রাজি না হলে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
সন্ধ্যায় গ্রামবাসীদের নিয়ে আলোচনায় বসার সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে সানোয়ার মোল্যা, শরিফুল ইসলাম, রাবিউল ইসলাম, তোয়াজ উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, কারীউল্লাহ, আলফাজ লস্কর, তপন জোয়ার্দ্দার ও আরজেনের নাম জানা গেছে।
যুবদল নেতা শামীম লস্কর অভিযোগ করেন, ৪ নম্বর ওয়ার্ডের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ১৫০টি ভিজিএফের কার্ড আনেন সায়েম মণ্ডল। তিনি কিছু কার্ড চাইলে তা নিয়ে তর্কাতর্কি হয়। পরে সন্ধ্যায় তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে সায়েমের সমর্থকেরা তাকে ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
অন্যদিকে সায়েম মণ্ডল বলেন, ১৫০টি কার্ডের মধ্যে তিনি ৭৫টি নিজে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবি মণ্ডলকে ৭৫টি দিয়েছেন। সামাজিক মাতবরদের মাধ্যমে সেগুলো বিতরণ করা হয়েছে। শামীম অতিরিক্ত কার্ড দাবি করলে তা না দেওয়ায় সন্ধ্যায় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা জানান, ঘটনাস্থল থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুই পক্ষই মামলা করেছে এবং আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুরে শুক্রবার সকাল ১১টার দিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আরও আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ন্যাশনিক্স/এলকে
