মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বুলবুল আর নেই। তিনি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম সহীউদ্দিন বিশ্বাসের মেজ ছেলে এবং সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মেজো ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে তিনি কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
ইকবাল হোসেন বুলবুল দীর্ঘদিন ধরে মেহেরপুরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
