ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত আসন্ন ঈদের ছবি প্রিন্স–এর বহুল প্রতীক্ষিত টিজার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইউটিউবে উন্মুক্ত করা হয় প্রায় দেড় মিনিটের এই ঝলক। নির্মাতারা একে ‘প্রি-ব্লাস্ট’ টিজার হিসেবে উল্লেখ করেছেন।
টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপ ও পেজে শুরু হয় আলোচনা। অনেক ভক্তের মতে, এই টিজার দিয়েই শুরু হলো এবারের ঈদের সিনেমার উত্তেজনা।
দেড় মিনিটের ভিডিওটির শুরুতে একটি শহরের ড্রোন শট দেখা যায়। এরপরই দৃশ্যপটে আসে পুলিশের সঙ্গে গ্যাং সদস্যদের সংঘর্ষ, গুলি-পাল্টা গুলির উত্তেজনাপূর্ণ মুহূর্ত। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় একটি সংলাপ—ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ঘুরে বেড়ানো অসংখ্য অপরাধী ও তাদের ওপর এক প্রভাবশালী চরিত্রের নিয়ন্ত্রণের ইঙ্গিত।
এই সংলাপ থেকেই সিনেমার গল্পের পটভূমির আভাস পাওয়া যায়, যেখানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে।
টিজারের এক পর্যায়ে ভিন্ন এক লুকে হাজির হন শাকিব খান। লম্বা বাদামি চুল ও দাড়িতে তাকে রহস্যময় ও ভয়ংকর চরিত্রে দেখা গেছে। তার মুখে থাকা সংলাপ—“আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি”—ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
প্রিন্স সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শারমিন সুলতানা, আর এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে। শাকিব খানের পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন দিবেন্দ্যেু, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ অনেকে।
টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে। অ্যাকশনধর্মী দৃশ্য, আন্ডারওয়ার্ল্ডকেন্দ্রিক গল্প এবং শাকিব খানের নতুন লুক—সব মিলিয়ে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা প্রিন্স নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়েছে এই টিজার।
