লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নে ঈদ উপলক্ষে বরাদ্দ দেওয়া ভিজিএফ চালের বস্তায় পুরনো রাজনৈতিক স্লোগান দেখা যাওয়ায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণের সময় বিষয়টি সামনে আসে। সরকারিভাবে চর কালকিনি ইউনিয়নের প্রায় চার হাজার পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
চাল বিতরণের সময় দেখা যায়, কিছু বস্তায় লেখা রয়েছে— “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”। রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি সহায়তার বস্তায় এ ধরনের স্লোগান দেখতে পেয়ে উপস্থিত সুবিধাভোগী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে বিতরণ কার্যক্রমে যুক্ত স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন।
উপজেলা খাদ্য ভাণ্ডার পরিদর্শক নিশাদ জাহান জানান, গুদাম থেকে চাল সরবরাহের আগে সাধারণত পুরনো নাম বা স্লোগান রং দিয়ে মুছে ফেলার নির্দেশনা থাকে। তবে অসাবধানতাবশত এক–দুটি বস্তায় আগের লেখা থেকে যেতে পারে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলে তিনি উল্লেখ করেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। খাদ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিতর্ক এড়াতে বিতরণ কেন্দ্রে থাকা বাকি চালের বস্তাগুলোর লেখা মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
