চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উপজেলা সভাপতি সহ আহত ৮

অবশ্যই পরুন

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন ছেপুকে পুনর্বহালের চেষ্টাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাইপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি বাঁশবাগানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সালদহ গ্রামের বকুল (৪০), আনন্দবাস গ্রামের ইয়ারুল ইসলাম (৪৫), রাসেল (২০) এবং সালদহ গ্রামের মোশারফ হোসেন কালুসহ উভয় পক্ষের অন্তত আটজন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলফাজ উদ্দীন কালুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের বরাদ্দকৃত চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলু বলেন, বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুকে জোরপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারে বসিয়ে পরিষদ দখলের চেষ্টা করে। এতে বিএনপির অন্য পক্ষ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ