নোয়াখালীর হাতিয়ায় ঢাকাগামী একটি লঞ্চে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিয়া উপজেলার দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাকিব উদ্দিন (২৬) ও নুরুজ্জামান মিঠু (৩২)। তারা দুজনই হাতিয়া উপজেলার বাসিন্দা এবং স্থানীয়ভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতাকর্মী বলে জানা গেছে।
জানা গেছে, গত ৮ মার্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি ফারহান-৪ লঞ্চে ওই শিক্ষার্থীকে কেবিনে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারা আদালতে জবানবন্দি দিয়েছেন।
এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, ঘটনাটি ঘটার পর এনসিপির কিছু প্রভাবশালী নেতা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিষয়টি প্রকাশ্যে এলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়।
এ বিষয়ে পুলিশ জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
