ইউনুস সরকারের সময় ছাত্রলীগ করার অভিযোগে গ্রেফতার হওয়া সিলেট মহানগর ছাত্রলীগের জনপ্রিয় নেতা সফায়েত খান জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হয়ে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
১১ মাস পর কারামুক্ত ছাত্রনেতা সফায়েত খান: “জেল জুলুম রাজনীতিবিদদের অলংকার”
কারামুক্ত হয়ে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে সফায়েত খান লেখেন,
“আলহামদুলিল্লাহ দীর্ঘ ১১ মাস পর কারামুক্ত হলাম। কঠিন দুঃসময়ে যারা পাশে ছিলেন তারাই প্রকৃত আপনজন, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না—আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।”
তিনি আরও উল্লেখ করেন, একজন রাজনৈতিক কর্মীর জন্য দলের আদর্শে অটল থেকে মিটিং-মিছিল করে কারাভোগ করা সৌভাগ্যের বিষয়। তাঁর ভাষায়, “জেল জুলুম রাজনীতিবিদদের অলংকার।”
নিজের রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থাকার অঙ্গীকার জানিয়ে তিনি লেখেন, “আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে কিছু দেওয়ার সুযোগ হয়নি, তাই যৌবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় উৎসর্গ করলাম।”
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই—অভিজ্ঞতার সঞ্চয়ে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
ছাত্রনেতা সফায়েত খানের মুক্তিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয় প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
