বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা সুবিধা পাবেন।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১০ ফেব্রুয়ারি জারি করা হয়। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সাইফুল্লা পান্না এতে সই করেন। প্রজ্ঞাপনটি সম্প্রতি জনসম্মুখে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর জারি করা এসআরও নং ২৮৫–এ বলা হয়েছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাঁদের পদে কর্মবসানের পর সর্বোচ্চ তিন মাস এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যভার গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ তিন মাস ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে নিরাপত্তা সুবিধা পাবেন।
নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ওই সময়সীমা সংশোধন করে অধ্যাপক ড. ইউনূসের ক্ষেত্রে এক বছর নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তবে আগের বিধানে উল্লিখিত অন্য কোনো পদধারীর ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর কথা উল্লেখ নেই।
এ বিষয়ে আইন বিশেষজ্ঞদের একটি অংশের মত, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে আইন পরিবর্তন বা প্রণয়ন করা সংবিধানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের মতে, যদি সংশ্লিষ্ট সব পদধারীর জন্য সমভাবে সময়সীমা বৃদ্ধি করা হতো, তবে বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হতে পারত। শুধু একজন ব্যক্তির ক্ষেত্রে আলাদা সুবিধা নির্ধারণ করা হলে তা বিতর্কের জন্ম দিতে পারে।
তবে সরকারিভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
