দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদরাসা ভবনের কাজ বন্ধ করলো বিএনপি নেতা

অবশ্যই পরুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদরাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ সূত্রে জানা যায়, গুলিশাখালী ফাজিল মাদরাসার চারতলা বিশিষ্ট ভবনের নির্মাণকাজ সম্প্রতি শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘মেসার্স ওসমান আলী’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদার পক্ষের দাবি, নির্মাণকাজ শুরুর পর থেকেই বিভিন্ন সময়ে কাজে বাধা দেওয়া হচ্ছিল। তাদের অভিযোগ, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি কাজের স্থলে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করা হয় এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে অভিযুক্ত মো. হাফিজুর রহমান চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, নির্মাণকাজে অনিয়ম হচ্ছিল এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকায় তিনি প্রতিবাদ জানিয়েছেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্মাণকাজ নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ নেই। তবে চাঁদা দাবির কারণে কাজ বন্ধ রয়েছে বলে তিনি শুনেছেন।

মোরেলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ