নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (দুপুর ১২টা) উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে তার গাড়িবহরকে লক্ষ্য করে একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, তাদের সঙ্গে থাকা ১০টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজনকে অবরুদ্ধ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও সংঘর্ষ ঠেকাতে কার্যকর ভূমিকা দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই লাঠিসোঁটা নিয়ে মহড়া দেওয়ার ঘটনাও প্রত্যক্ষদর্শীরা উল্লেখ করেছেন।
জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ দাবি করেন, প্রশাসনের নীরব ভূমিকায় তারা হতাশ। নির্বাচন-পরবর্তী সময়ে তাদের বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে তিনি জানান।
সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তিনি এলাকা ত্যাগ করবেন না।
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
