চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে ১৬ বছর বয়সী শাওন মারা গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ঢাকায় আনার পথে তার মা নুরজাহান আক্তার রানী (৪০) মারা যান। এ নিয়ে ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুইজন।
চিকিৎসকরা জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে মোট ৯ জনকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। তাদের মধ্যে শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। অন্যদের অবস্থাও গুরুতর। সাখাওয়াত ও আশুরা আক্তার পাখির শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। শিপনের ৮০ শতাংশ, সামিরের ৪৫ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, উম্মে আইমান স্নিগ্ধার ৩৮ শতাংশ এবং আনাছের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকদের মতে, দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক।
সোমবার ভোর ৫টার দিকে হালিশহর এলাকার এইচ ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যার পর পর্যায়ক্রমে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে সংশ্লিষ্টরা তদন্ত করছেন।
ন্যাশনিক্স/এলকে
