আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক ও তরুণ সংগঠক মিজানুল হুদা খান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে কাজ করে আসছেন। এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।
মিজানুল হুদা খান বলেন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা বৃদ্ধি এবং যুব সমাজকে কর্মমুখী প্রশিক্ষণের আওতায় আনা তার অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে থাকবে।
তার ভাষায়, “২২ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত এলাকায় রূপান্তর করতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে প্রবীণ, নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন। পাশাপাশি নাগরিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সম্ভাব্য প্রার্থিতার খবরে এলাকায় ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের দাবি, তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। শিগগিরই ওয়ার্ডজুড়ে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা শুরু করবেন বলেও জানা গেছে।
