দুইদিন আগে হাতকড়া পরে মায়ের জানাজায়, সেই দুই ভাই এবার হারালেন বাবাকেও

অবশ্যই পরুন

কক্সবাজারের রামু উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেওয়া দুই সহোদরের বাবা নূর আহমদ (৯০) মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর দুই দিন আগে, গত শনিবার তাদের মা মোস্তফা বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে মারা যান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে নূর আহমদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক মামলায় প্রায় আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন দুই ভাই ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে তারা পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। পুলিশি পাহারায় হাতকড়া পরা অবস্থায় তাদের জানাজায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। পরে তাদের আবার কারাগারে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের প্রথমে আটক করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম দাবি করেছেন, তার স্বামী নির্দোষ এবং তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। বাবা-মায়ের মৃত্যুতে শেষ সময়ে পাশে থাকতে না পারায় পরিবারে গভীর শোক নেমে এসেছে। বাবার জানাজায় অংশ নিতে আবারও প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ