কনটেন্ট নির্মাতা আর এস ফাহিম চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ‘মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী অভিযোগ করেন, আর এস ফাহিমকে গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তার দাবি, সরকারের ভেতরে প্রভাবশালী কিছু ব্যক্তির কারণেই এখনো তাকে আইনের আওতায় আনা হয়নি।
তিনি আরও বলেন, আর এস ফাহিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ-কে সমর্থন দিয়ে ছাত্র-জনতার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ যুবলীগ-এর প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়েছেন বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, আওয়ামী লীগের কয়েকজন নেতার জন্য নারী সরবরাহ এবং নিজস্ব ভাড়া করা ফ্ল্যাটে মদ ও নারীসহ নেতাদের আমন্ত্রণের মতো কর্মকাণ্ডেও তিনি যুক্ত ছিলেন।
এ সময় ‘মঞ্চ-২৪’ হুঁশিয়ারি দিয়ে জানায়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আর এস ফাহিম চৌধুরীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ন্যাশনিক্স/এএএইচপি
