মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় এই নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার করতে এবার সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং অক্ষর ও সংখ্যা থাকবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো নকশা বা অতিরিক্ত সাজসজ্জা রাখা যাবে না।
স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের মাপও আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
বিআরটিএ মোটরসাইকেলের মালিকদের নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত অনুসরণ করে ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বরপ্লেট স্থাপনের আহ্বান জানিয়েছে।
ন্যাশনিক্স/এলকে
