জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে মব সন্ত্রাস, সংঘবদ্ধ হামলা, হয়রানি ও ব্যবসায়ীদের ব্ল্যাকমেইলের অভিযোগে ৪৮১ জনের একটি বিশেষ তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তালিকায় রয়েছেন ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া আ ন ম আয়াস, বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী হিসেবে পরিচিত বিতর্কিত সুরভি, ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক ফাহিম ফারুকী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জুলাই আন্দোলনের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি, সংঘবদ্ধ হামলা, ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মব সন্ত্রাস দমনে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
