আইএমএফের ঋণ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে শুরু হচ্ছে আলোচনা: অর্থমন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশের ঋণ প্রস্তাবের চূড়ান্ত রূপ দিতে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু হবে। বাকি বিষয়গুলোর সমাধান করে ঋণচুক্তি চূড়ান্ত করাই এ আলোচনার মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, ঋণ প্রস্তাবের বিষয়ে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। এখন চুক্তির চূড়ান্ত রূপ নির্ধারণে উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনা করবেন।

বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে জমা দেওয়া ঋণ প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়েও বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বাংলাদেশের বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এসব সংস্থা ও অংশীদার বাংলাদেশের উন্নয়নে সহায়তা করতে আগ্রহী।

তিনি আরও বলেন, আগামী বছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। উন্নয়ন সহযোগীরাও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

অর্থমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা সামনে রেখে বাংলাদেশ সরকার একটি উন্নয়ন কাঠামো তৈরি করেছে। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের সঙ্গে কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) চুক্তি সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ