বাংলাদেশে ‘মব কালচার’ বা দলবদ্ধ বিশৃঙ্খলার দিন শেষ এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবি-দাওয়া থাকলে তা গণতান্ত্রিক ও আইনসম্মত পদ্ধতিতে উত্থাপন করতে হবে, তবে সড়ক-মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে মিছিল-সমাবেশের অধিকার থাকবে, তবে ‘মব’ আকারে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, কোনো ধরনের অবৈধ তদবির বরদাস্ত করা হবে না। বাহিনীর কেউ অপরাধে জড়িত হলে তদন্তসাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
