রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, মানতে হবে যেসব নির্দেশনা

অবশ্যই পরুন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাজধানীর মেট্রোরেল চলাচলে সাময়িক সময়সূচি পরিবর্তন করেছে। সরকারি অফিসের সংশোধিত কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর থাকবে।

ডিএমটিসিএল ১৬ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে জানায়, কর্মদিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। একই রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা করবে।

যাত্রীচাপ বিবেচনায় ট্রেনের হেডওয়ে বা বিরতি সময় ৫ থেকে ২০ মিনিটের মধ্যে নির্ধারণ করা হয়েছে। অফিস সময়ের ব্যস্ততম পর্বে প্রতি ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রমজানে ইফতারের সময় মাথায় রেখে কিছু বিধিনিষেধে শিথিলতা আনা হয়েছে। যাত্রীরা এখন স্টেশন এলাকা ও ট্রেনের ভেতরে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যাতে মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। পানি ছাড়া অন্য কোনো খাবার বহন বা গ্রহণের অনুমতি থাকছে না।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচল আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন এই নির্দেশনা কেবল কর্মদিবসের জন্য প্রযোজ্য।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ