শরীয়তপুরে আ.লীগ কার্যালয় খুলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙাল নেতাকর্মীরা

অবশ্যই পরুন

শরীয়তপুরে বন্ধ থাকা জেলা কার্যালয় খুলে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে।

বুধবার ভোরে জেলা শহরের পালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্তত ১০ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। তারা দলীয় স্লোগান দিতে দিতে কার্যালয়ের দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে কার্যালয়ের ভেতরের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

ঘটনার এক মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা অবস্থান করে। জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।”

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের স্লোগান দিতে দিতে হাতে জাতীয় পতাকা ও সংশ্লিষ্ট দুই নেতার ছবি নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। পরে তারা ছবিগুলো ভেতরের দেয়ালে টাঙিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “এ সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।”

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ