গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে কাজ শেষ করার কারণে নির্মাণে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে দ্রুতগতিতে সড়কের ঢালাই কাজ সম্পন্ন করা হয়। নির্মাণের মাত্র তিন দিনের মাথায় সড়কের একটি দীর্ঘ অংশে ফাটল দেখা দেয়। পরদিনই ওই অংশ কয়েক ফুট নিচে দেবে যায়। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে, যা পুরো প্রকল্পকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, তুরাগ নদের পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে সড়ক উন্নয়ন প্রকল্পটি দুটি প্যাকেজে বাস্তবায়ন করা হয়। একটি প্যাকেজে প্রায় ১ হাজার ১৫০ মিটার এবং অন্যটিতে ১২ হাজারের বেশি মিটার সড়ক নির্মাণের কাজ ছিল। প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি মূল্যে কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
প্রকল্পে কার্পেটিং, ফুটপাত, গার্ডওয়াল ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত মান বজায় রাখা হয়নি এবং যথাযথ তদারকি ছিল না। এতে নতুন সড়কটি উদ্বোধনের আগেই বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, সড়কটি নদীর পাড় সংলগ্ন হওয়ায় প্রাকৃতিক কারণেও ধস নামতে পারে। তবে নির্মাণে অনিয়ম ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে সড়ক ধসে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত সংস্কার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
